বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কক্ষে এর আগে এসেছেন ক্রিকেটার হিসেবে। গতকাল মঙ্গলবার রাতে এলেন বিসিবির সভাপতি হয়ে। এসেই তামিম ইকবাল দিয়েছেন ক্রিকেটের হারানো সুনাম পুনরুদ্ধারের প্রতিশ্রুতি। আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে তামিম নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বোর্ড পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার। দায়িত্ব পেয়েই প্রথম সভায় বসে নিজেদের করণীয় ঠিক করেছেন তারা। এরপর সংবাদ সম্মেলনে এসে দেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধারের কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল।
সংবাদ সম্মলনে তিনি বলেন, ‘আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণত এমন দায়িত্ব পেলে অনেকেই ডেভেলপমেন্টসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু আমি এবং আমার টিম একসঙ্গে অনুভব করছি, আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার করা। গত এক থেকে দেড় বছরে যে সুনামের ক্ষতি হয়েছে, সেটি ঠিক করাই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।’
সরকার অ্যাডহক কমিটিকে তিন মাস সময় বেঁধে দিয়েছে একটু সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করার। সেটা নিজে থেকেই বললেন তামিম, ‘আমাদের ওপর আরেকটি দায়িত্ব দেওয়া হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করা। আমরা চেষ্টা করব, এ কাজটি যত দ্রুত এবং যতটা সম্ভব সৎভাবে সম্পন্ন করতে। পাশাপাশি দৈনন্দিন কার্যক্রম, বিশ্বকাপসংক্রান্ত বিষয়সহ যেসব কাজ জরুরি, সেগুলোও আমরা যথাযথভাবে পরিচালনা করব।’
সবার সহযোগিতা কামনা করে তামিম আরও বলেন, ‘আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। গত এক-দেড় বছরে ক্রিকেটের যে ক্ষতি হয়েছে, সেটি আমরা সবাই মিলে ঠিক করতে চাই। সমালোচনা থাকবেএটাই স্বাভাবিক। কিন্তু আমরা কেউ-ই চাই না ক্রিকেট এ অবস্থায় থাকুক। আমরা চাই, এটি আবার আমাদের গর্বের বিষয় হয়ে উঠুক। একসময় বিসিবিতে কাজ করা মানুষগুলো গর্ব করে বলতেন ‘আমি বিসিবিতে কাজ করি’। সেই গর্ব আমরা আবার ফিরিয়ে আনতে চাই। আমাদের খেলোয়াড়দের সম্মান করতে হবে, সব স্টেকহোল্ডারকে সম্মান করতে হবে। পরিবর্তনের জন্য আমরা কাজ করব। ভুল হবেই, সেখান থেকে শিখে আমরা সামনে এগিয়ে যাব এটিই আমাদের লক্ষ্য।’
অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর সামনের নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে আছে কি না জানতে চাইলে তামিম ইকবাল বলেন, ‘ব্যক্তিগতভাবে কেউ নির্বাচন করবেন কি না, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। আমি করতে পারি, অন্য কেউও করতে পারেন বা নাও করতে পারেন। আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, যেখানে আগ্রহী সবাই অংশগ্রহণ করবেন ক্রিকেটার, সংগঠক ও সংশ্লিষ্ট সবাই। আমরা এমন একটি পরিবেশ তৈরি করে দিতে চাই, যাতে সবাই নির্ভয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। যখন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কেবল আমরা না, যারা যারা আগ্রহী আমি সবাইকে অনুরোধ করব সবাই অংশগ্রহণ করেন।’
