বিশ্বকাপ ২০২৬ এর আগে একটি ফিফা উইন্ডো আছে। সেই উইন্ডোতে ইউরোপের সান মারিনোর সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যাচটি হবে ৫ জুন। এই প্রথম ইউরোপীয় কোনো দেশের মাটিতে ফুটবল খেলবে বাংলাদেশ জাতীয় দল।
ম্যাচটি নিয়ে আলোচনার পাশাপাশি ফিফা র্যাংকিংয়ের বিষয়টিও বেশ চর্চায় রয়েছে। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে সান মারিনো সবার নিচে, ২১১ নম্বর অবস্থান করছে সান মারিনো। অন্যদিকে বাংলাদেশ অবস্থান করছে ১৮১তম স্থানে। বাফুফে সাধারণত শক্তিশালী দলের সঙ্গে খেলার পরিকল্পনা দিলেও, এবার তারা এমন এক প্রতিপক্ষ বেছে নিয়েছে যারা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ পিছিয়ে। তবে ইউরোপীয় ফুটবলের ধরন ও শারীরিক ফুটবল বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ এই প্রথম নয় বাংলাদেশের। ২৫ বছর আগে ২০০১ সালে ভারতের কোচিতে অনুষ্ঠিত সাহারা কাপে বাংলাদেশ খেলেছিল ইউরোপের দুই দেশের বিপক্ষে; বসনিয়া ও হার্জেগোভিনা ও সাবেক যুগোসøাভিয়া। বসনিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আর সাবেক যুগোসøাভিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ ৪-১ গোলে, ফিরোজ মাহমুদ টিটু করেছিলেন একমাত্র গোল।
ইতালির ভেতরে অবস্থিত মাত্র ৬১ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটি বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম রাষ্ট্র। ১৯৮৭ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা সান মারিনো এখন পর্যন্ত মাত্র ৩টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে, যার প্রতিটিই এসেছে লিখটেনস্টেইনের বিপক্ষে। তবে সম্প্রতি নেশনস লিগে দারুণ খেলে তারা পরবর্তী স্তরে প্রমোশন পেয়েছে।
