নবীনগরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। 

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নবীনগর থানা গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে নবীনগরের বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং স্থানীয় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই মামলা দায়ের করেছে, যা সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা।

নবীনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে এবং নবীনগর সাংবাদিক ফোরামের সভাপতি সঞ্জয় শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, বর্তমান সভাপতি হিজবুল বাহার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমন, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, কাজল, শাফিউল আলম, মাজেদ, খন্দকার আলমগীর হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

ভুক্তভোগী সাংবাদিক মো. সোহেল খান (জেলা প্রতিনিধি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ) ক্ষোভ প্রকাশ করে বলেন, নিউজ কাভার করতে গিয়ে আমি মিথ্যা মামলার আসামি হলাম। পেশাগত দায়িত্ব পালন কি অপরাধ? তিনি মামলাটি প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্য ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল হক, যিনি দীর্ঘদিন ধরে দেশ এডিশন ও সাপ্তাহিক ‘তিতাসের খবর’-এ কাজ করছেন, তিনিও এ ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত এই ‘ভিত্তিহীন মামলা’ প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত