নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট অঞ্চলে আলবানির কাছাকাছি সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশের কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামের একই পরিবারের বাবা ও ছেলে রয়েছেন।

নিহতরা হলেন মোহাম্মদ হিরামন (৬০) এবং তার বড় ছেলে নাজমুল এম রুবেল (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা নিউইয়র্ক সিটি থেকে আপস্টেট অঞ্চলের আলবানি অভিমুখে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

কড়ইবাড়ী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম, জিয়া এবং পাশের পীরকাশিমপুর গ্রামের মঈদ আহমেদ জানান, নিহত হিরামনের ছোট ছেলে মোহাম্মদ নাজমুল হাসান অপুর বরাতে তারা বিষয়টি জানতে পারেন। তাদের ভাষ্য, গত রাতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হিরামন ও তার ছেলে রুবেলের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় রুবেলের বন্ধু ফাহিম হালিমও প্রাণ হারান। অন্য গাড়ির আরও একজন আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হিরামনের বড় মেয়ে ফাতেমা আক্তার রত্না (৩৬) ও তার চার বছর বয়সী মেয়ে ইকরা আয়াত। তারা বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বাংলাদেশ সময় ৭ এপ্রিল ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে প্রবাসে একই পরিবারের বাবা-ছেলের মৃত্যুতে কড়ইবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ হিরামন ২০১৮ সাল থেকে স্ত্রী নাজমা আক্তার, দুই ছেলে, দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত