আরও ৩ লাখ টন ডিজেল আমদানি করবে সরকার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ এএম

দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজার থেকে ৩ লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এ সংক্রান্ত তিনটি প্রস্তাব অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগত অনুমোদন দিয়েছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া সভায় স্বাস্থ্যসেবা বিভাগের ১টি; সেতু বিভাগের ২টি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

জানা গেছে, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে পণ্যটির দাম বাড়তে থাকে। এতে সরবরাহে চাপে পড়ে সরকার। তবে বিশ্ববাজারে গত মঙ্গলবার সন্ধ্যায় ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে রাজি হওয়ায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে এসেছে। অবশ্য গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় তেলের দাম এখনো বেশি। সে সময় প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছিল প্রায় ৭০ ডলারে।

গতকালের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে মোট তিন লাখ টন ডিজেল আমদানির মধ্যে- ইয়ার এনার্জি এজি থেকে এক লাখ টন; কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি থেকে এক লাখ এবং মেসার্স সিকদার ইন্টারন্যাশনাল থেকে এক লাখ টন ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে ১৭ লাখ টন আমদানির প্রস্তাব করা হয়েছিল। যা পর্যায়ক্রমে যথাযথ উৎস থেকে আমদানি হবে বলে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। বাংলাদেশে জ্বালানি তেলের চাহিদা বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন।

এ ছাড়া সভায় দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত সেতু তথা ভোলা-বরিশাল সেতু প্রকল্পটি নেওয়ার জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মেঘনা নদীর ওপর শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণেরও নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

পাশাপাশি, সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের মাঠপর্যায়ে নিরবচ্ছিন্নভাবে টিকা সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয়পদ্ধতিতে টিকা ক্রয়ের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত