বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবদুর রহমান খানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ সংশ্লিষ্ট কন্সটিটুয়েন্সির জন্য ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগের মেয়াদ তিন বছর কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এই আদেশের অন্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের জুন মাসে তার সরকারি চাকরির নিয়মিত মেয়াদ পূর্ণ হলে তিনি এই পদ থেকে অবসরে যান।
শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত ডিগ্রি অর্জন করে এফসিএমএ সনদ লাভ করেন। আবদুর রহমান খান বিসিএস (কর) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা।