মানিকগঞ্জের দৌলতপুরে সাউথইস্ট ব্যাংকের কাস্টমার অফিসার মো. সাগর আলীকে হ্যান্ডকাফ পরিয়ে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ঢাকার নবাবগঞ্জ থানার করিম মিয়া নামে এক পুলিশ সদস্যকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে।
সোমবার (২৪ আগস্ট) বিকাল ৫টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের সাউথইস্ট ব্যাংকের এজেন্ট শাখার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, সাউথইস্ট ব্যাংকের কাস্টমার অফিসার মো. সাগর আলীকে গাড়িতে তোলার সময় সন্দেহ হলে তারা এগিয়ে যান। সাগর স্থানীয়দের জানান, তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে স্থানীয়রা করিম মিয়াকে আটক করতে পারলেও ঘটনাস্থল থেকে কথিত অপহরণের চেষ্টায় ব্যবহৃত একটি প্রাইভেটকার নিয়ে অজ্ঞাত তিনজন পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে করিম মিয়াকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার নেপথ্যে কী? অপহরণের চেষ্টা, নাকি অন্য কোনো বিরোধ—তদন্তেই মিলবে আসল রহস্য।
বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা