দেশব্যাপী বিএফএসএ অভিযান

এক সপ্তাহে ২৫ মামলা ৬৭ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:৩৬ এএম

দেশব্যাপী অভিযান জোরদার করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ঢাকাসহ সারা দেশে পরিচালিত এই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬৭ লাখ টাকা জরিমানা করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে। গতকাল রবিবার বিএফএসএ-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর প্রয়োগ, মনিটরিং কার্যক্রম, জনসচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গত ১৬ থেকে ২২ আগস্ট ২০২৬ পর্যন্ত এক সপ্তাহে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় পরিচালিত অভিযান এবং বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৭ লাখ টাকা জরিমানা করে তা আদায়ও করা হয়েছে।

বিএফএসএ জানিয়েছে, গত ২২ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং চট্টগ্রামের নিরাপদ খাদ্য অফিসারের উপস্থিতিতে পরিচালিত অভিযানে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে প্রতিষ্ঠানসমূহে অনিয়মের প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুসারে মোট ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি মামলা দায়ের করা হয়।

এই সময়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৭টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা এবং ৩টি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায়ও নিরাপদ খাদ্য আইন অনুসারে অভিযান চলমান রয়েছে। পাবনা, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, চট্টগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জে মোট ১৫টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় এবং ১৫টি মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আইন প্রয়োগের পাশাপাশি খাদ্য নিরাপদতা নিশ্চিতে সারা দেশে খাদ্যস্থাপনা মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে। উল্লিখিত সময়ে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ২২০টি খাদ্যস্থাপনায় মনিটরিং পরিচালনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত