ডিজিএফআইর সাবেক পরিচালক নাছের ফের রিমান্ডে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ এএম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় চার দিনের রিমান্ডে  পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল বুধবার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই (উপপরিদর্শক) তোফাজ্জল হোসেন আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ নিয়ে পৃথক দুই মামলায় তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো আফজাল নাছেরকে।  

গত ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন জুলাই আন্দোলনের সময় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ এপ্রিল আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ডে নেয় ডিবি। মামলার বিবরণীতে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবির হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুরও চালানো হয়। একই সময় ককটেল হামলা, টিয়ার শেল নিক্ষেপ ও গুলিতে বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত