সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ এএম

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ এপ্রিল। প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন সচিবালয় ভবনে জমা দিতে হবে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণসংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ করা হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ইসি সচিব জানান, নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের কর্মকর্তা মইনুদ্দিন খান। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন নির্বাচন পরিচালনা অধিশাখার কর্মকর্তা মনির হোসেন। এ ছাড়া চারজন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাদের তালিকা পৃথকভাবে সরবরাহ করা হবে।

সংরক্ষিত নারী আসনের বণ্টন প্রসঙ্গে ইসি সচিব জানান, বিএনপি ও তাদের মিত্র জোট পেয়েছে ৩৬ আসন। এই জোটে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট পেয়েছে ১৩ আসন, যেখানে এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি দল রয়েছে।

এ ছাড়া ছয়জন স্বতন্ত্র প্রার্থী একত্রে একটি আসন পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে থাকার সিদ্ধান্ত জানিয়েছেন। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৫০টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত