আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইসি জানিয়েছে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠে ভ্রাম্যমাণ আদালত ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
গতকাল বুধবার ইসি সচিব আখতার আহমেদ জানান এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত সংবাদ অনুযায়ী সব ঠিক আছে এবং আশা করি, আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সবার সহযোগিতায় পেয়েছি, সেটা থেকে বেশি হবে।
গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে শেরপুর-৩ আসনে প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত হয়। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।
শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী এ দুই উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১২ হাজার ২৪। এর মধ্যে শ্রীবরদী উপজেলায় ভোটার ২ লাখ ৫২ হাজার ৬০৪ এবং ঝিনাইগাতী উপজেলায় ১ লাখ ৫৯ হাজার ৪২০ জন। দুই উপজেলা মিলিয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় ২ লাখ ৭ হাজার ৯০৫ জন।
বগুড়া-৬ সদর আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। আসনটিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি।
শেরপুর-৩ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করা হয়।
বগুড়া-৬ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই আসনে জয়ী হয়ে ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এটি শূন্য হয়ে যায়।
বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনকে ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে একটি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ, অন্যটি হটলাইন নম্বর।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্মতারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে। অন্যদিকে হটলাইন নম্বর ১০৫-এ কল করতে হবে। এ সময় ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন।