নেইমারের ঋণে ফাঁদে দিশেহারা সান্তোস; ট্রেনিং গ্রাউন্ড হারানোর শঙ্কা!

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম

ব্রাজিলীয় মহাতারকা নেইমারের ক্লাবের কাছে পাওনা প্রায় ১ কোটি ৩০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৪ কোটি টাকার বেশি)। এই বিশাল ঋণ পরিশোধে ব্যর্থ হলে সান্তোস তাদের আইকনিক যুব একাডেমি এবং ট্রেনিং গ্রাউন্ড ‘সিটি মেনিনোস দা ভিলা’র মালিকানা হারাতে পারে। সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথিপত্রে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

‘গোল ডট কম’-এর প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ইমেজ রাইটস কোম্পানি ‘এনআর স্পোর্টস’-এর কাছে সান্তোস আনুষ্ঠানিকভাবে ১ কোটি ৩০ লাখ পাউন্ড ঋণ স্বীকার করেছে। এই ঋণটি পরিশোধের জন্য দুটি কিস্তি নির্ধারণ করা হয়েছে। প্রথম কিস্তিতে ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৪০ লাখ পাউন্ড পরিশোধ করতে হবে। অবশিষ্ট ৯০ লাখ পাউন্ড ৪৩টি মাসিক কিস্তিতে ২০৩০ সালের মধ্যে শোধ করার কথা।

চুক্তির সবচেয়ে কঠিন শর্ত হলো, সান্তোস যদি একটি কিস্তি দিতেও ব্যর্থ হয়, তবে তাদের অবশিষ্টাংশ পুরো ৯০ লাখ পাউন্ড তাৎক্ষণিকভাবে নগদে পরিশোধ করতে হবে। এই ঋণের জামিন হিসেবে সান্তোস তাদের বিশ্ববিখ্যাত যুব একাডেমি ‘সিটি মেনিনোস দা ভিলা’ বন্ধক রেখেছে। যদি ক্লাবটি ঋণ শোধে ব্যর্থ হয়, তবে নেইমারের কোম্পানি এই সম্পত্তির দখল নিতে পারবে।

সান্তোসের বর্তমান সভাপতি মার্সেলো টেক্সেইরা আগামী নির্বাচনে হারলে বা ক্লাবের প্রশাসনিক কাঠামো পরিবর্তন করলেও এই পুরো টাকা তাৎক্ষণিকভাবে শোধ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। এই মুহূর্তে ক্লাবটির মোট ঋণের পরিমাণ বর্তমানে ১৪ কোটি ৬০ লাখ পাউন্ডে গিয়ে ঠেকেছে। এর মধ্যে বকেয়া বেতনই রয়েছে ২০ লাখ পাউন্ডের বেশি। ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন পাস হলেও ক্লাবের ভেতরে এই নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।

সান্তোস ক্লাবটি ফুটবল বিশ্বে পরিচিত ‘প্রতিভার কারখানা’ হিসেবে। যে একাডেমি থেকে পেলে, নেইমার কিংবা রদ্রিগোর মতো তারকারা উঠে এসেছেন, সেই ক্লাব এখন নেইমারের ঋণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে। এই পরিস্থিতি ব্রাজিলীয় ফুটবলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেইমার ও তার বাবার প্রতিষ্ঠানের এমন কঠিন শর্তের মুখে ক্লাবটি কীভাবে টিকে থাকে, এখন সেটাই দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত