পঞ্চগড়ে বিএনপিপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ জয়

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ এএম

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবিদের জয় হয়েছে। ১১ পদের মধ্যে ৯টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোস্তাফিজুর রহমান মুক্তা পেয়েছেন ৪৬ ভোট।

লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাড. আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোহাম্মদ রবিউল ইসলাম পান ৯৯ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লিটন পান ৯৪ ভোট। এ ছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী অ্যাড. আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সোলায়মান হক ৭৯ ভোট পেয়েছেন।

অপরদিকে, সহ-সভাপতি পদে অ্যাড. তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাড. মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. আব্দুল মুকিত, অ্যাড. আরাফাত হোসেন জনী, অ্যাড. আশরাফুল ইসলাম ও অ্যাড. মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জেলা আইনজীবী সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন তাদের ভোট দেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অ্যাড. খলিলুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. মোছা. আনোয়ারা বেগম ও অ্যাড. আনোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত