অর্থনীতিকে গতিশীল রাখতে সংস্কার অব্যাহত রাখা জরুরি বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, একটি অর্থনীতিকে গতিশীল রাখতে যেমন মানবদেহে রক্তসঞ্চালন অপরিহার্য, তেমনি সংস্কারও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উত্তরণে অপরিহার্য। সংস্কারকে কখনো সমাপ্ত বা চূড়ান্ত বিষয় হিসেবে দেখা উচিত নয়। সংস্কার কোনো এককালীন প্রক্রিয়া নয়; এটি একটি চলমান ও অব্যাহত প্রয়াস, যা ছাড়া অর্থনীতির ধারাবাহিক অগ্রগতি সম্ভব নয়।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফের সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কেউ যদি মনে করেন বিগত সরকারের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংস্কার প্রক্রিয়াও শেষ হয়ে গেছে বা তা অসম্পূর্ণ থেকে গেছে এটি একটি ভ্রান্ত ধারণা। বরং সংস্কারকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল চ্যালেঞ্জ।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে যদি সেই অর্থে নীতি নির্ধারকের কথা বলতে হয় তাহলে অবশ্যই সাইফুর রহমানের (সাবেক অর্থমন্ত্রী) নাম বলতে হবে। তার দুটো সংস্কার ইতিহাসের পাতায় থাকবে। এর একটি হলো ভ্যাটের প্রচলন আর একটি হলো নমনীয় বিনিময় হারের প্রচলন। যেটা অর্থনীতিবিদরা নয়, রাজনীবিদরা করেছেন।
অন্তর্বর্তী সরকারের সময় শে^তপত্র প্রস্তুত কমিটিতে দায়িত্ব পালনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমরা যে উদ্যোগ নিয়ে বিগত সরকারের প্রথম দিকে যুক্ত হয়েছিলাম, ক্রমান্বয়ে ছয় মাস কি আট মাসের মাথায় এসে এটা ম্র্রিয়মাণ হয়ে গেল। কারণ তাদের কোনো অর্থনৈতিক দর্শন ছিল না।
তিনি বলেন, বিগত সরকারের (অন্তর্বর্তী সরকার) এই শক্তিটা ছিল না, অন্যদের মোকাবিলা করার। বর্তমান সরকারের সেটা আছে। ফলে অনির্বাচিত আমলাদের ওনারা মোকাবিলা করতে পারবেন। নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে রিফর্ম ট্র্যাকার তৈরি করা হয়েছে। যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে অগ্রগতি, সমস্যা, সমন্বয়, অর্থায়ন কেমন করে হচ্ছে এগুলো নজরদারিতে থাকবে। সংস্কারের সঙ্গে রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়নের সঙ্গে জনমানুষের জীবনে এটার ফলকে মূল্যায়ন করার চেষ্টা আমরা করব।
