হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আইসিইউতে ২৭ শিশু, ভর্তি ৭৭

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৭ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একসঙ্গে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ওয়ার্ডে নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডাক্তার মো. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩৭১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৮৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তবে এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২২ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে বলেও তিনি জানান।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, এক শিশুর মাধ্যমে অন্য শিশুর মধ্যে সংক্রমণ ঠেকাতে অভিভাবকদের সচেতন থাকা জরুরি। এ পরিস্থিতি মোকাবিলায় তিনটি মেডিকেল টিম গঠন করে আইসিইউ ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত