রাতে নিখোঁজ, সকালে পদ্মায় ভেসে উঠলো মরদেহ

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এএম

রাজবাড়ীর পদ্মায় লিটন খান (৪২) নামে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকার পদ্মানদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লিটন খানের পিতার নাম আক্কাস খান। তার বাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে নদীতে গোসল করতে যায়। এসময় মরদেহটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেয়। পরে নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, 'প্রতিদিনের মত শনিবার সন্ধ্যার পর রিক্সা নিয়ে বের হয়। রাত ১০টার দিকে তাকে ফোন দেই। সে আর ফোন ধরে না। রাত ১১টার দিকে আবারও ফোন দেই কিন্তু ফোন রিসিভ করে না। এরপর রাত দুইটা বেজে যায় তাও সে আর বাড়িতে আসে না। পরে তাকে আবারও ফোন দেওয়া হলে মোবাইল বন্ধ বলে। এরপর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে নদীতে একটা লাশ পাওয়া গেছে শুনে এখানে এসে দেখি তার লাশ ভেসে আছে।'

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নদী থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা রিক্সা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত