চুরির অভিযোগে যুবককে শিকলে বাঁধল জনতা, আদালতে পাঠাল পুলিশ

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতের আধাঁরে টিউবওয়েল চুরি করতে এসে এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে মাজহারুল ইসলাম (৩২) নামের এক যুবক। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে গণপিটুনি দিয়ে শিকলে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজবাগ ইউনিয়নের  সাধরগোলা (পশ্চিম পাড়া) গ্রামে।

আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা (পশ্চিম পাড়া) গ্রামের সিএনজি চালক দ্বীন ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মাজহারুলের বাড়ি মাইজবাগ ইউনিয়নের ভাসা গোকলনগর গ্রামে।

পুলিশ জানায়, মাজহারুলকে রবিবার দুপুরে চুরির মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

কয়েকজন বাসিন্দা বলেন, শনিবার রাত ২টার দিকে দ্বীন ইসলামের বাড়ির আঙিনায় থাকা টিউবওয়েল চুরি করতে আসে মাজহারুল ও তার কয়েকজন সহযোগী। এ পর্যায়ে টিউবওয়েলের নাট খোলার সময় এলাকার লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে শিকলে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। রবিবার সকালে এসে পুলিশ মাজহারুলকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এদিকে উপজেলার সরিষা ইউনিয়নের ধুলিয়াকান্দি গ্রামে চুরির অপর একটি ঘটনায় ইয়াছিনুল ইসলাম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, উপজেলার মাইজবাগ ও সরিষা ইউনিয়নে দুটি চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত