পাল্টাপাল্টি হুঁশিয়ারি ইসরায়েল-তুরস্কের

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৭ এএম

গাজা যুদ্ধ ও সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। চলতি সপ্তাহে দুই দেশের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণাত্মক মন্তব্য ও গুরুতর অভিযোগ তুলেছেন। এক সময়ের কৌশলগত অংশীদার হওয়া সত্ত্বেও গত এক দশকে গাজা ও ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ‘নিজ দেশের কুর্দি নাগরিকদের ওপর গণহত্যা’ এবং ‘ইরানের সন্ত্রাসী শাসন ও তাদের প্রক্সিদের মদদ দেওয়ার’ অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক মাসগুলোয় আঙ্কারার সঙ্গে গ্রিস ও সাইপ্রাসের ঘনিষ্ঠতা বাড়ায় নেতানিয়াহুর তুরস্কবিরোধী সুর আরও কড়া হয়েছে।

তুরস্ক এই অভিযোগের কঠোর জবাব দিয়েছে। তুর্কি কর্মকর্তারা নেতানিয়াহুকে ‘এই যুগের হিটলার’ হিসেবে অভিহিত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর বর্তমান উদ্দেশ্য হলো চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করা এবং অঞ্চলে তার সম্প্রসারণবাদী নীতি অব্যাহত রাখা। এটি করতে ব্যর্থ হলে নিজ দেশেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং কারাগারে যেতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত