ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর বাজার থেকে শিবপুর কলেজ রোড পর্যন্ত প্রায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের গাইডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। চলমান এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, পরিত্যক্ত রড ও পাথর দিয়ে কাজ চালানোসহ বিভিন্ন অনিয়মের বিষয় সামনে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেমন্তঘর কুমারবাড়ি থেকে আইদূর ভূঁইয়া বাড়ি পর্যন্ত দিঘির পাড় রক্ষায় নির্মিতব্য গাইডওয়ালের কাজ বর্তমানে চলমান রয়েছে। তবে শুরু থেকেই কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাইডওয়াল নির্মাণে ব্যবহৃত রড, সিমেন্ট ও পাথরের মান অত্যন্ত নিম্নমানের। অনেক ক্ষেত্রে পরিত্যক্ত ও মরিচা ধরা রড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে ভবিষ্যতে দেয়ালটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ঠিকাদার লোকমানের যোগসাজশে এই অনিয়ম চলছে। তারা দাবি করেন, কাজের শুরু থেকেই যথাযথ তদারকি না থাকায় ঠিকাদারপক্ষ ইচ্ছেমতো নিম্নমানের সামগ্রী ব্যবহার করে যাচ্ছে।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই গাইডওয়াল দিঘির পাড় রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যেভাবে নিম্নমানের কাজ হচ্ছে, তাতে কিছুদিন পরেই এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।’
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত প্রকল্পের কাজ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সঠিক মান বজায় রেখে পুনরায় কাজ করতে হবে।
