চট্টগ্রামে ২০ বছর আগে কাস্টমস কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরীকে হত্যার দায়ে ছিনতাইকারী চক্র ‘গামছা পার্টির’ ছয় সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বেল্লাল হোসেন, ডালিম মল্লিক, কামরুর সিকদার, আল আমিন, পনু ব্যাপারী ও মো. হোসেন।
আদালতের অফিস সহকারী মারুফ হোসেন জানান, ছয় আসামি প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় পনু ব্যাপারী ও মো. হোসেন পলাতক ছিলেন। অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সুত্র জানায়, ২০০৬ সালের ২৯ আগস্ট নগরের পাঁচলাইশ এলাকার অংকুর স্কুল মাঠ থেকে কাস্টমস কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরীর গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন চট্টগ্রামের মীরসরাই থেকে শহরের সুগন্ধা এলাকার বাসায় আসার পথে সিএনজি অটোরিকশা চালকের বেশে ছিনতাই চক্র "গামছা পার্টি"র সদস্যরা গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তার লাশ ফেলে যায়। এই ঘটনায় নিহতের ভাই মঈন উদ্দিন সাঈদ চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ‘গামছা পার্টির’ সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।