টেকনাফে সন্ত্রাস-মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৯ এএম

কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক চোরাচালান, মানবপাচার আশঙ্কাজনক হারে বেড়েছে। এছাড়া সীমান্ত দিয়ে আরাকান আর্মির অনুপ্রবেশের ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। এই পরিস্থিতির অবসানের দাবি  জানিয়েছে ছাত্র-জনতা। সোমবার (১৩এপ্রিল) বিকেলে টেকনাফ পৌরসভার বাস স্টেশন মসজিদের সামনে আয়োজিত এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চলাকালে এ দাবি জানান তারা।

এ সময় দীর্ঘদিন ধরে চলা এই সংকট টেকনাফকে কার্যত একটি ‘মৃত্যুপুরী’তে পরিণত করেছে উল্লেখ করে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের প্রতি কঠোর পদক্ষেপ নেয়া দাবি জানানো হয়।​ কর্মসূচি থেকে ছাত্র-জনতা রাষ্ট্রের কাছে ৫টি সুনির্দিষ্ট ও জরুরি দাবি পেশ করা হয়। তারা টেকনাফকে অবিলম্বে সন্ত্রাস, অপহরণ ও মাদক সিন্ডিকেটমুক্ত ঘোষণা করে যৌথ বাহিনীর স্থায়ী অভিযান পরিচালনার দাবি জানান।

একইসঙ্গে আরাকান আর্মির যেকোনো অনুপ্রবেশ ও নাশকতা নির্মূলে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃশ্যমান বিচারের দাবি তোলা হয়। এছাড়া সীমান্ত ও উপকূলীয় এলাকায় ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়।

এ সময় ছাত্র-জনতার পক্ষ থেকে বলা হয়, এই মানবিক সংকট আর সহ্যের সীমায় নেই। টেকনাফবাসীর নিরাপত্তা নিশ্চিত না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এর দায়  রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও সতর্ক করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত