সময়ের ব্যস্ত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’র মাধ্যমে গায়িকা হিসেবে আলোচনায় এসেছিলেন তিনি। এরপর উপহার দিয়েছেন বহু শ্রোতাপ্রিয় গান। বেশ কিছুদিন ধরে প্লে-ব্যাক ও স্টেজ শোতেই মগ্ন রয়েছেন কনা। বিশেষ করে সিনেমায় ‘দুষ্টু কোকিল’ গানের তুমুল জনপ্রিয়তার কারণে দেশে-বিদেশে তার স্টেজ শো-এর ব্যস্ততা বেড়ে গেছে বহুগুণে। যার দরুন তার সমসাময়িক অন্যান্য শিল্পীর চেয়ে স্টেজ শোতে তার ব্যস্ততা অনেক বেশি। গত দু’দিনও তিনি স্টেজ শোতে পারফর্ম করা নিয়ে ব্যস্ত ছিলেন। আজ পহেলা বৈশাখের দিন তিনি সকালে নরসিংদীতে এবং সন্ধ্যায় টাঙ্গাইল স্টেডিয়ামে সংগীত পরিবেশন করবেন। আগামীকাল ১৫ এপ্রিল এই তারকার জন্মদিন। বিশেষ দিনের প্রথম প্রহর এবং সকালটা বাবা-মা ও পরিবারের অন্যদের সঙ্গে উদযাপন করবেন তিনি। এরপর সন্ধ্যায় রাজধানীর কামাল আতাতুর্কে অবস্থিত শেরাটন হোটেলে সংগীত পরিবেশন করবেন তিনি। বলা চলে, জন্মদিনটাও তিনি গানে গানে তার ভক্ত-শ্রোতা-দর্শকের সঙ্গেই কাটাবেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা বলেন, ‘বাংলা নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও আনন্দ। সবাই পরিবারের সঙ্গে ভালো থাকুক, আনন্দে থাকুক। আর আমার এই মুহূর্তে টানা বেশ কয়েকটি স্টেজ শো রয়েছে। বিগত কয়েকদিন স্টেজ শোতে পারফর্ম করেছি, আজ এবং আগামীকালও স্টেজ শোতে পারফর্ম করব এবং আগামী টানা আর দুই-তিন দিন স্টেজ শোতে ব্যস্ততা রয়েছে। একজন সংগীতশিল্পী নতুন নতুন নিজের মৌলিক গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত গান গাইতে চান।’