কফি খেয়ে দিন শুরু করার অভ্যাস অনেকেরই। তবে বিশেষজ্ঞরা বারবার বলেন যে, কফি খালি পেটে বা দিনের শুরুতে না খাওয়াই ভালো। কারণ, কফির প্রভাবে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। সাময়িক উত্তেজনা তৈরি করে। পরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়ে এবং স্ট্রেস, অ্যাংজাইটির সমস্যা ডেকে আনে। অথচ এই গবেষণায় ভুল বলে প্রমাণিত।
ক্যাফেইনের সুইট স্পট
কফির মধ্যে থাকা ক্যাফেইন প্রত্যেক মানুষের ওপর ভিন্নভাবে প্রভাব ফেলে। কারও ক্ষেত্রে এই পানীয় মানসিক চাপ কমাতে এবং মুড ভালো করতে সাহায্য করে। কফি খাওয়ার সঙ্গে সেই সমস্যাগুলো বিশ্লেষণ করেন গবেষকরা। সেখানেই দেখা গেছে, কিছু ক্ষেত্রে ২ থেকে ৩ কাপ কফি খেলে মেজাজ উন্নত হয় এবং স্ট্রেস ডিসঅর্ডারগুলোর ঝুঁকি কমানো যায়।
কীভাবে স্ট্রেস কমে
প্রতিদিন ২ থেকে ৩ কাপ কফি খেলে মানসিক স্বাস্থ্য উন্নত হয়। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ এবং অ্যাংজাইটি কমাতে সাহায্য করতে পারে। পলিফেনল মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরের স্ট্রেস নিয়ন্ত্রণে সহায়তা করে, ফলে মেজাজও ফুরফুরে থাকে। ক্যাফেইন ডোপামিন (হ্যাপি হরমোন) বাড়াতে সাহায্য করে, যা উদ্বেগ কমায়। ক্যাফেইন অ্যাডেনোসিন রিসেপ্টর ব্লক করে। ফলে ক্লান্তি কম অনুভূত হয়। এতে কিছু মানুষের ক্ষেত্রে মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়ে, যা স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে।
