কর্মকর্তাদের ৯ খাতে ব্যয় কমাল সরকার

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ এএম

বৈশ্বিক সংকট মোকাবিলায় ৯টি ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ এই পরিপত্র জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

পরিপত্রে জানানো হয়েছে, সরকার ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। গতকাল সোমবার এ পরিপত্র প্রকাশ করা হয়েছে।

গত ২ এপ্রিলের সর্বশেষ মন্ত্রিসভা বৈঠকে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও চলমান সংঘাতের ফলে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সৃষ্ট প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পরিস্থিতি মোকাবিলায় অর্থ বিভাগের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মকৌশল এবং অর্থায়ন পরিকল্পনা পর্যালোচনা করে বেশকিছু ব্যয় সাশ্রয়ী সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।

বৈঠকে ব্যয় কমাতে বলা হয়েছে : ১. সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করতে হবে;

২. সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া এবং সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে; ৩. প্রশিক্ষণ ব্যয় ব্যতীত অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে।

৪. সভা/সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে এবং সেমিনার/কনফারেন্স ব্যয় ২০ শতাংশ হাস করতে হবে; ৫. ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ হ্রাস করতে হবে; ৬. সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ হ্রাস করতে হবে; ৭. সরকারি কার্যালয়ে জ্বালানি/বিদ্যুৎ/গ্যাস ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করতে হবে; ৮. আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে ও ৯. ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ হ্রাস করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত