তৃষা কৃষ্ণানের বাড়িতে হামলার হুমকি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

কদিন ধরেই বিয়ে নিয়ে চর্চার কেন্দ্রে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান। এই চর্চার মধ্যেই চেন্নাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস)-এর একটি বিশেষ দল। তল্লাশিতে ব্যবহার করা হয় স্নিফার ডগও। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল তামিলনাড়ু পুলিশের কন্ট্রোল রুমে একাধিক ইমেইল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। ইমেইলে দাবি করা হয়, অভিনেত্রীর বাড়িতে শক্তিশালী বোমা রাখা হয়েছে এবং যেকোনো সময় তা বিস্ফোরিত হতে পারে। 

খবরটি ছড়িয়ে পড়তেই ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে বাড়ি এবং আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। তবে দীর্ঘ অনুসন্ধানের পর কোনো ধরনের সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পুলিশ নিশ্চিত করে, এটি একটি ভুয়া হুমকি বা ‘হোক্স’ কল। 

উল্লেখ্য, তৃষা কৃষ্ণানের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। পুলিশ রেকর্ড অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর রাতেও একই ধরনের বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল। সেবারও তল্লাশিতে কিছুই মেলেনি। 

একই অভিনেত্রীকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে কেন—তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসনও। কে বা কারা এসব ইমেইল পাঠাচ্ছে, তা শনাক্ত করতে সাইবার ক্রাইম বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত