গাইবান্ধায় পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী সাদাদ আহমেদের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মঙ্গলবার (১৪এপ্রিল) বিকেল সাড়ে টার দিকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকায় ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, দুপুরে গোসলে নেমে নদীতে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী।শিক্ষার্থী সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাড়িতে থাকতো। সাদাদ স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, সকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি থেকে বের হয় সাদাদ। অনুষ্ঠান শেষে বন্ধুদের নিয়ে ভেড়ামারা ব্রিজ এলাকায় নদীর পাড়ে ঘুরতে যায়। পরে তারা ঘাঘট নদীতে গোসলে নামে। একপর্যায়ে অজান্তেই নদীতে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক কয়েক ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ফায়ার সার্ভিস ও ডিফেন্স ষ্টেশনের অফিসার রিফাত আল মামুন। তিনি বলেন, ঐ স্কুল ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
