চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল নিয়ে আরও তিনটি জাহাজ ভিড়েছে। বর্তমানে এসব জাহাজ থেকে তেল খালাসের কাজ চলছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ও রাতে সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণ-সংযোগ) ফারজিন হাসান মৌমিতা।
তিনি জানান, তিনটি জাহাজের মধ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সরবরাহ করা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজে রয়েছে ১১ হাজার টন জেট ফুয়েল। বাকি দুটি জাহাজের মধ্যে ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে প্রায় ৩২ হাজার টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে এসেছে প্রায় ৩৪ হাজার টন ডিজেল; সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।
ফারজিন হাসান মৌমিতা আরও জানান, উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ মঙ্গলবার সকাল ৮টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছে। ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে বন্দরের জেটিতে প্রবেশ করে তেল খালাস শুরু করে।
পাশাপাশি ৬৬ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাতে এসেছে আরও দুটি জাহাজ। এর মধ্যে একটি জাহাজে ৩২ হাজার টন ও অপরটিতে ৩৪ হাজার টন ডিজেল রয়েছে। বর্তমানে তিনটি জাহাজ থেকেই জ্বালানি তেল খালাস করা হচ্ছে।
