নরসিংদীর মনোহরদীতে ১৫ বছর বয়সী এক নবম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করা হয়। অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লাখপুর পূর্বপাড়া এলাকায় ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে এমন খবর পেয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে যায় উপজেলা প্রশাসনের একটি দল। সেখানে বিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ ও বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধ করা হয়।
এ ঘটনায় কিশোরীর পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এতে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে কিশোরীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সদস্য ও মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়েছে। মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন , বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি ।