নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিনুল হক শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি বলেন, প্রথম জীবনে ছাত্র রাজনীতি এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক পথচলা দেশের মানুষের কাছে পরিচিত। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
চেম্বারের পক্ষ থেকে বলা হয়, মির্জা ফখরুলের চারিত্রিক দৃঢ়তা, বিচক্ষণতা, দূরদর্শিতা ও প্রজ্ঞা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার নেতৃত্বে দেশ ও জাতির জন্য একটি সুন্দর, দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও জাতীয় অর্থনীতির বিকাশে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। বিশেষ করে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, ব্যবসার সহায়ক কাঠামো ও পরিচালন ব্যয় কমানো, বিনিয়োগের আস্থা বৃদ্ধি, দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রপতির দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি বলেন, অর্থনীতির প্রবৃদ্ধির পাশাপাশি চট্টগ্রামের বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতির গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে রাষ্ট্রপতির প্রতি ব্যবসায়ী সমাজের প্রত্যাশা রয়েছে।
দেশের স্বার্থে জাতীয় অর্থনীতিতে বেসরকারি খাতের প্রয়োজনীয় অবদান নিশ্চিত করতে ব্যবসায়ী-উদ্যোক্তাদের পাশে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যকর ভূমিকা ও বাস্তবমুখী দিকনির্দেশনা কামনা করেন তিনি।