বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, কর্মহীন ৬৫ হাজার জেলে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম

বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত। ফলে ভোলার সাগরনির্ভর প্রায় ৬৫ হাজার জেলে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছেন।

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ভোলার সাতটি উপজেলায় মোট ৬৩ হাজার ৯৫৪ জন নিবন্ধিত সামুদ্রিক জেলে রয়েছেন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৩ হাজার ৬৯৮ জন, দৌলতখানে ১১ হাজার ৫৫০ জন, বোরহানউদ্দিনে ৭ হাজার ৬৫০ জন, লালমোহনে ৮ হাজার ৮০৪ জন, তজুমুদ্দিনে ৪ হাজার ৫০৬ জন, চরফ্যাশনে ১৭ হাজার ৫৬১ জন এবং মনপুরায় ১০ হাজার ১৮৫ জন জেলে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

সরেজমিনে দেখা গেছে, নিষেধাজ্ঞা শুরুর আগেই জেলেরা তাদের ট্রলার ও জাল নিয়ে ঘাটে ফিরে এসেছেন। অনেকেই অবসর সময় কাজে লাগিয়ে নৌকা ও জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন।

জেলে রিয়াজ ও রাকিব মাঝি জানান, সরকারি নির্দেশনা মেনে আগেই তারা সাগর থেকে ফিরে এসেছেন। তবে দীর্ঘ সময় আয় বন্ধ থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। তারা বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে আবার সাগরে নামার অপেক্ষায় আছি, কিন্তু এই সময়টা খুব কষ্টে কাটবে।’

একই কথা জানান ফারুক ও হাসান মাঝি। তারা বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা মানতেই হবে। তবে শুরুতেই খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ চাল দ্রুত বিতরণ করা প্রয়োজন। পাশাপাশি এনজিও ঋণের কিস্তি বন্ধ রাখারও দাবি জানাই।’

এদিকে কিছু জেলে অভিযোগ করেন, বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞা মেনে চললেও ভারতীয় জেলেরা অনেক সময় অবৈধভাবে জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলেদের জন্য সরকারি সহায়তা হিসেবে প্রত্যেককে ৭৭ কেজি করে ভিজিএফ চাল বিতরণের উদ্যোগ রয়েছে।’

সংশ্লিষ্টদের মতে, নিষেধাজ্ঞার এ সময়টিতে জেলেদের জীবনে সাময়িক দুর্ভোগ নেমে এলেও মাছের প্রজনন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণে এই উদ্যোগ দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল বয়ে আনবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত