বার কাউন্সিলের আগামী ১৯ মে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দি আইনজীবী সৈয়দ সায়েদুল হক। এ জন্য তিনি হাইকোর্টে রিট করেছেন।
আজ বুধবার (১৫ এপ্রিল) তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।
আইনজীবী লিটন আহমেদ জানান, মনোনয়ন ফরম জমা দিতে প্রার্থী হিসেবে ব্যারিস্টার সুমনের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু তিনি বর্তমানে কারাগারে থাকায় সেই স্বাক্ষর নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে।
২০২৪ সালের জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে তিনি যুবলীগের আইন সম্পাদক ছিলেন। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তাকে অব্যাহতি দেওয়া হয়।
