বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংসের প্রান্তে ছিল: খায়রুল কবির খোকন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, বিগত সময়ে শিক্ষাব্যবস্থাসহ পুরো দেশকে চরমভাবে দলীয়করণ করা হয়েছিল। তবে বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী শহরের সাহেপ্রতাপ এলাকায় বাংলাদেশ তাঁত বোর্ডের হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি তাঁত বোর্ড প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

পরে মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা নিজেদের নানা সমস্যা, শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব-অভিযোগ এবং বিভিন্ন দাবি-দাওয়া সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। খায়রুল কবির খোকন শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের সব যৌক্তিক দাবি পূরণ করা হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করে এসব দাবি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, তরুণ ও শিক্ষার্থী সমাজের ন্যায্য দাবি এবং প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত