জামালপুরের ইসলামপুর উপজেলায় আশ্রয়ন প্রকল্পের পুকুরের পানিতে ডুবে রাকিব হাসান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই শিশুর মৃত্যুর বিষয়টি রাতে নিশ্চিত করেন সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল। নিহত রাকিব ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে পরিবারের অগোচরে বাড়ির পাশে আশ্রয়ন প্রকল্পের পুকুরের পানিতে গোসল করতে যায় রাকিব। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে আশ্রয়ন প্রকল্পের পুকুরের পানিতে শিশুর মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। স্থানীয়রা জানায়, জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন শিশুটির বাবা আশরাফুল ইসলাম। সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে তিনি আগের দিনই ঢাকার পথে রওনা দেন। শনিবার (১৮এপ্রিল) ভোরে তার ফ্লাইট নির্ধারিত ছিল। এমন সময় সন্তানের মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল জানিয়েছেন, শুক্রবার জুম্মা নামাজের সময় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।
