ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দেশটির কর্র্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে উদ্ধারকারী দল নিহতদের মরদেহ এবং হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, হেলিকপ্টারটির সঙ্গে যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেটি একটি ঘন জঙ্গল এবং খাড়া পাহাড়ি এলাকা। উদ্ধারকারীরা ওই অঞ্চলের প্রায় তিন কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারের লেজের অংশ বলে ধারণা করা হচ্ছে এমন ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন।
তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। সেনা ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা শুক্রবার স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। শাফি আরও জানান, যে বাগান এলাকা থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল তার মালিকানায় রয়েছে ইন্দোনেশীয় পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটা এবং হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসান্তারার মালিকানাধীন।
