গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত নৃশংসতার প্রতিবাদে দেশটির ওপর ‘ব্যাপক নিষেধাজ্ঞা’ আরোপের দাবিতে সোচ্চার হয়েছেন যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য। লেবার পার্টির এমপি রিচার্ড বার্গনের উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে এখন পর্যন্ত ৭৫ জন ব্রিটিশ এমপি স্বাক্ষর করে সমর্থন জানিয়েছেন।
সংসদ সদস্য রিচার্ড বার্গন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই নৃশংসতা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা এখন সময়ের দাবি। তিনি তার সহকর্মী আইনপ্রণেতাদের এই প্রস্তাবে আরও ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই প্রস্তাবে স্বাক্ষরকারীদের মধ্যে যুক্তরাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিক রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক লেবার নেতা জেরেমি করবিন, স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) মুখপাত্র ব্রেন্ডান ও’হারা এবং ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত এমপি লায়লা মোরান।
মূলত গাজা ও লেবাননে বেসামরিক মানুষের ওপর নির্বিচার হামলা এবং মানবিক বিপর্যয় সৃষ্টির প্রেক্ষাপটে ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে ব্রিটিশ এমপিরা আন্তর্জাতিক মহলে ইসরায়েলের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তুলছেন।
