নিউজিল্যান্ডের মতো অস্ট্রেলিয়াও বাংলাদেশ সফরে আসছে শীর্ষ তারকাদের ছাড়াই। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে বাংলাদেশ সফরের চূড়ান্ত সফরসূচি। ফুটবল বিশ্বকাপের মাঝেই জুন মাসে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, বিদেশে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ও ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলা ক্রিকেটারদের বাদ দিয়েই পাকিস্তান ও বাংলাদেশ সফরের দল গঠন করা হবে।
৩১ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের দিনক্ষণ নির্ধারণ করা। আইপিএলে খেলছেন ১৪ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, পাকিস্তান সুপার লিগে আছেন ১৩ জন। পাকিস্তান ও বাংলাদেশ সফরকে সামনে রেখে মে মাসেই ব্রিসবেনে শুরু হবে প্রস্তুতিমূলক ক্যাম্প, যেখানে আইপিএল এবং পিএসএলে খেলা ক্রিকেটাররা থাকতে পারবেন না। বেইলি জানিয়েছেন, তাদের বাদ দিয়েই ভবিষ্যতের ক্রিকেটারদের নিয়েই পাকিস্তান ও বাংলাদেশ সফরের দল গড়া হবে, ‘মে মাসে আমাদের বেশ কিছু ক্যাম্প রয়েছে, যা পাকিস্তান এবং বাংলাদেশ সাদা বলের সিরিজের আগে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা মূলত কোন কোন খেলোয়াড়কে সেখানে পাওয়া যাবে, সেই বিষয়টি নিয়েই নিবিড়ভাবে কাজ করছি।’ ১ এপ্রিল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার তালিকা প্রকাশ করার সময়েই এই প্রসঙ্গে বেইলি বলেছিলেন, ‘আসন্ন সিরিজের সূচি বিবেচনা করলে এটা স্পষ্ট যে, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বাইরেও আমাদের আরও খেলোয়াড় প্রয়োজন হবে।’
আরও একবার, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে বড় কোনো দল, যেটা নিশ্চিতভাবেই দর্শকদের মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে সরে যাবে। অতীতে ২০২২ ফুটবল বিশ্বকাপে সময় বাংলাদেশ সফরে এসেছিল ভারত, সেই সিরিজে টাইটেল স্পন্সর বিক্রি করতে পারেনি বিসিবি। ২০১৪ সালেও বিশ্বকাপ ফুটবলের সময় বাংলাদেশ সফরে এসেছিল ভারত, সেবার দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল বিসিসিআই। এবারও ক্রিকেট অস্ট্রেলিয়া সেই পথেই যে হাঁটবে তারই আভাস দিয়ে দিল।
১৫ বছর পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, ২০২১ সালে টি-টোয়েন্টি ও ২০১৭ সালে ২ টেস্টের সিরিজ খেলতে এসেছিল তারা। মে মাসের শেষে পাকিস্তানে এসে ৩ ওয়ানডের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৩১ মে, জুন ২ ও জুন ৫ তারিখে তিনটি ওয়ানডে খেলে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজটি হবে ঢাকায়, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ তিনটি হবে জুনের ৯, ১১ ও ১৪ তারিখে। এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে, ম্যাচগুলো হবে জুনের ১৭, ১৯ ও ২১ তারিখে।