গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী তামিম মাতব্বর (২৫) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের সালাম মাতব্বরের ছেলে। অন্যদিকে নিহত ইজিবাইক যাত্রী খবির উদ্দিনের (৮০) বাড়ি ভাঙ্গা উপজেলার হাজরাকান্দি গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস শান্তিপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তামিম মাতব্বরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত খবির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
