এবার থালাপতির বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম

দক্ষিণী সুপারস্টার  ও নবীন রাজনীতিক থালাপতি বিজয় একের পর এক সংকটের মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের মামলার মুখে পড়লেন তিনি। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বিনা অনুমতিতে জনসভা ও র‍্যালি করার অভিযোগে তার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নিয়েছে চেন্নাই পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার চেন্নাইয়ের টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’-এর পক্ষ থেকে একটি বিশাল র‍্যালির আয়োজন করা হয়। তবে এই কর্মসূচির জন্য প্রশাসনের কাছ থেকে আগেভাগে কোনো অনুমতি নেওয়া হয়নি। জনবহুল এলাকায় এই আকস্মিক সমাবেশের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। 

নির্বাচন কমিশনের বিশেষ ‘ফ্লাইং স্কোয়াড’ কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের মাম্বালাম থানা পুলিশ বিজয় এবং তার দলের প্রভাবশালী নেতা এন আনন্দের নামে মামলাটি দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। 

র‍্যালির সময় বিজয় একটি হুডখোলা গাড়িতে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন। হাজার হাজার ভক্তের সমাগম এবং ব্যাপক আলোকসজ্জার কারণে ওই এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে থাকে। সেই মুহূর্তের বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত