রিয়াল মাদ্রিদে ফিরছেন হোসে মরিনহো?

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫২ এএম

লিসবনের ক্লাব বেনফিকায় জোসে মরিনহোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। স্পোর্টিং সিপির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বর্তমান ক্লাবে নিজের থাকার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি এই কিংবদন্তি কোচ। তার এমন মন্তব্য লিসবনজুড়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে।

২০২৬-২৭ মৌসুমেও তিনি বেনফিকার ডাগ-আউটে থাকবেন কি না—সরাসরি এমন প্রশ্নের জবাবে মরিনহো নিজের চিরচেনা ভঙ্গিতেই উত্তর দেন। তিনি জানান, আধুনিক ফুটবলে কোনো কিছুই নিশ্চিত করে বলা কঠিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘দ্য স্পেশাল ওয়ান’ বলেন, ‘আমি বলতে পারছি না (থাকব কি না)। কীভাবে আমি এমন কথা বলি? এটা তো শুধু আমার ওপর নির্ভর করে না! এটা খুবই স্পষ্ট।’

নিজের পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সাংবাদিক ও ক্লাবের অন্যান্য কর্মীদের উদাহরণ টেনে বলেন, যেমন কোনো সাংবাদিক গ্যারান্টি দিতে পারেন না যে তিনি আগামী ১০ বছর একই প্রতিষ্ঠানে থাকবেন, তেমনি একজন কোচের পক্ষেও দীর্ঘমেয়াদী নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। মরিনহোর এই রহস্যময় মন্তব্যের সময়টি বেশ তাৎপর্যপূর্ণ। গুঞ্জন রয়েছে, সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও ফিরতে পারেন তিনি।

আলভারো আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বড় কোনো পরিবর্তনের কথা ভাবছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, রিয়ালের স্কোয়াডে আমূল পরিবর্তনের জন্য পেরেজের প্রথম পছন্দ তার পুরোনো বন্ধু মরিনহো। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের ডাগ-আউটে সফল সময় কাটানো এই পর্তুগিজ কোচের সঙ্গে পেরেজের সম্পর্ক এখনো বেশ উষ্ণ।

রিয়াল মাদ্রিদ ছাড়াও মরিনহোর পরবর্তী গন্তব্য হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের নাম জোরেসোরে শোনা যাচ্ছে। বিশেষ করে নিউক্যাসল ইউনাইটেডের মালিকপক্ষ এডি হাউয়ের পরিবর্তে বড় কোনো নামকে দলের দায়িত্বে আনতে আগ্রহী। মরিনহো নিজেও অতীতে নিউক্যাসলের প্রতি তার ভালো লাগার কথা জানিয়েছিলেন, যার মূল কারণ ছিল তার মেন্টর স্যার ববি রবসন। সৌদি মালিকানাধীন ক্লাবটির বড় প্রজেক্টে মরিনহোকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত