ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত ৬

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বন্দুকধারীর গুলিবর্ষণ ও সুপারমার্কেটে জিম্মির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ জন।

শনিবার (১৮ এপ্রিল) কিয়েভের হোলোসিভস্কি জেলায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। দেশটির অ্যাটর্নি জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো জানান, হামলাকারী ছিলেন ৫৮ বছর বয়সী এক ব্যক্তি, যিনি মস্কোতে জন্মগ্রহণ করেছিলেন। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে চারজনকে হত্যা করেন। পরে তিনি একটি সুপারমার্কেটে ঢুকে আরও একজনকে হত্যা করেন এবং বেশ কয়েকজনকে জিম্মি করেন।
হামলাকারী একটি রেজিস্টার্ড স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছিলেন বলে জানানো হয়েছে। পরে পুলিশের বিশেষ অভিযান চলাকালে তিনি নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালান এবং ঘটনাস্থলেই নিহত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বিশেষ বাহিনীর অভিযানে সুপারমার্কেটের ভেতরে জিম্মি থাকা চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি জানান, হামলাকারীর উদ্দেশ্য ও পরিচয় নিয়ে তদন্ত চলছে এবং একাধিক সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ধারণা, হামলাকারী দীর্ঘদিন দনবাস অঞ্চলে বসবাস করতেন এবং তার বিরুদ্ধে পূর্বেও অপরাধমূলক রেকর্ড ছিল। একই সময়ে তার নিবন্ধিত আবাসস্থলে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে তদন্ত করছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইউক্রেনে এমন ঘটনা বিরল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত