ইরান আগেই ঘোষণা দিয়েছে, তাদের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। মূলত সেই ঘোষণার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথটিতে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। সেই ঘোষণার অংশ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে আজ রবিবার দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ খবর জানিয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাযুক্ত এই দুটি ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে সশস্ত্র বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে সেগুলো গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়।
প্রসঙ্গত যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল, তা বাতিল করা হয়েছে।আইআরজিসির নৌবাহিনী শাখা সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।তেহরানের মতে, ইরানের ওপর মার্কিন অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
