ফ্যানের বক্সে লুকানো ছিল ৩২০০ পিস ইয়াবা, চাকমা যুবক গ্রেপ্তার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম

বগুড়ার শাহাজানপুরে ফ্যানের বক্সে লুকিয়ে ৩২০০ পিস ইয়াবা পাচারের সময় এক চাকমা যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ রবিবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৬টার পর ঢাকা-রংপুর মহাসড়কের সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

দুপুর আড়াইটার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মোহা. জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার চাইমনক্য চাকমা (২২) কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং হরিকুলা এলাকার বাসিন্দা।

জেলা ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় চাইমনক্য চাকমার দেহ তল্লাশি করে একটি ফ্যানের খালি কার্টনের ভেতর স্কচটেপে মোড়ানো ১৬টি প্যাকেট উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর উপপরিচালক মো. জিললুর রহমান জানান, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত