পরিচালনায় ফিরছেন রোজিনা

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:১৫ এএম

পুরো নাম রওশন আরা রেণু হলেও দর্শকমহলে কেবল রোজিনা নামেই পরিচিত তিনি। দেশীয় চলচ্চিত্রের বরেণ্য এই অভিনেত্রী ও পরিচালক দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। অভিনয়ের পাশাপাশি পরিচালনার আসার কথা থাকলেও নানা কারণে বিলম্ব হয় সেই যাত্রা। অবশেষে তিন বছর আগে ২০২৩ সালের ৩ মার্চ তার প্রথম পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায়। এবার জানালেন আবারও পরিচালনায় ফিরছেন এই তরাকা। বললেন, তিনি তার দ্বিতীয় পরিচালিত সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমার নাম ‘এখনই সময়’। এর গল্প লিখছেন ছটকু আহমেদ।

রোজিনা বলেন, ‘এখনই সময় মূলত আমাদের জীবনেরই গল্প, আমাদের এই সময়েরই গল্প। গল্পের প্রয়োজনে থাকবে প্রেম-প্রীতি-ভালোবাসা, থাকবে আরও নানান কিছু। সত্যি বলতে সিনেমা জীবনেরই প্রতিচ্ছবি। কিন্তু তারপরও সিনেমা এমনই এক বিষয় যেখানে গল্পের প্রয়োজনে কিছু সিনেমাটিক বিষয় চলে আসে। ছটকু ভাই আমাদের দেশের একজন গুণী পরিচালক এবং কাহিনীকার। তার ওপর আমার আস্থা আছে বলেই তাকে গল্প রচনা করতে দিয়েছি। তবে সিনেমা নির্মাণের ক্ষেত্রে যেহেতু বাজেট একটি বিষয়। তাই এখন বাজেট নিয়েই ভাবছি, সবকিছু ঠিকঠাক হলে আশা করছি চলতি বছরেই আমার দ্বিতীয় সিনেমা এখনই সময়-এর নির্মাণকাজ শুরু করতে পারব। সিনেমাতে কে কে অভিনয় করবেন এগুলো এখনো প্রাথমিক ধাপে আছে। তবে আগের সিনেমার চেয়ে আমার এই সিনেমার গল্প অনেক বেশি সুন্দর।’

এদিকে আজ রোজিনার জন্মদিন। রোজিনা বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরটা পরিবারের সঙ্গেই কাটে। রাত ১২টা বাজলে পরিবারের সবাই কেক কাটি একসঙ্গে। জন্মদিনের সকাল দুপুরটা বাইরে একটু কাজ আছে। বিকেল বা সন্ধ্যা থেকে পুরো সময়টা বাসাতেই থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আরও সুন্দর সুন্দর গল্পের সিনেমা যেন দর্শককে উপহার দিয়ে যেতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত