‘সর্বনাশের ফাঁদে বসে আছি’

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:১৫ এএম

অভিনেতা, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক তৌকীর আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক এক সেমিনার। সেখানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কয়েকজন নাট্যজন। সেমিনারে নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি। একদিকে আমাদের শিল্পের সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে। আমরা ভালো কিছু নির্মাণ করতেই পারছি না। প্রেরণাহীন একটা সময় আমরা কাটাচ্ছি। মতপ্রকাশের স্বাধীনতা এবং অসংকোচে নিজেকে প্রকাশ করার সৌভাগ্য বাংলাদেশের শিল্পীদের হয়নি।

তিনি আরও বলেন, ‘একটা দেশে গণতান্ত্রিক বিকাশ হয়ে যাওয়ার পর, আমাদের পাশের দেশ ভারত বা উন্নত দেশের কথা যদি ভাবি, সেখানে শিল্পীরা নিজেদের অসংকোচে প্রকাশ করে। কিন্তু সেই অসংকোচটা আমাদের জীবনে আসেনি। এর মধ্য দিয়েই তৌকীরের বেড়ে ওঠা, অসংখ্য শিল্পীর বেড়ে ওঠা। শুধু তৌকীর নয়, তার সমসাময়িক শিল্পীরাও অনেক কষ্ট করে বেড়ে উঠেছেন। অনেকে মনে করেন শিল্পীরা অনেক বোহেমিয়ান, অনেক খেলো। অনেক শিল্পী আছেন যারা মেধাবী নন। কিন্তু তৌকীর আহমেদের মতো মানুষ যত বেশি থাকবেন, তত আমাদের এই সেক্টরের সবার সম্মান আরও বাড়বে।”

সেমিনারে আরও বক্তব্য দেন অভিনেতা আফজাল হোসেন, আজিজুল হাকিম, মীর সাব্বির, দীপা খন্দকার, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। সেমিনার উপলক্ষে তৌকীর আহমেদের সিনেমা নিয়ে লিখেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, তার নির্দেশিত মঞ্চনাটক নিয়ে লিখেছেন মাসুম রেজা এবং টেলিভিশনে তার সৃজনকর্ম নিয়ে লিখেছেন রুম্মান রশীদ খান। একাডেমির মূল হলে তৌকীর আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ এবং সন্ধ্যায় প্রদর্শিত হয় তারই নির্দেশিত ও অভিনীত মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত