মার্জিন ঋণে অনিয়ম

ডিএসইকে ৫ ব্রোকার হাউজ পরিদর্শনের নির্দেশ

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:২০ এএম

মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত পাঁচটি ব্রোকারেজ হাউজ (ট্রেকহোল্ডার) পরিদর্শন করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) বরাবর পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

ব্রোকারেজ হাউজগুলো হলো নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-১৫০), আনোয়ার সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-১৬০), ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-১৬২), ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-১৬৩) এবং মোনা ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর-১৬৪)।

বিএসইসির চিঠিতে লেখা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ চিঠির মাধ্যমে ফরম-(ছ) দাখিল করেছে। সেখানে বলা হয়েছে, ব্রোকারেজ হাউজগুলো মার্জিন রুল, ১৯৯৯ এবং ২০২২ সালের ২০ মে বিএসইসির জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না। এমতাবস্থায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর বিধি ১৭(১) অনুযায়ী ডিএসইকে ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম পরিদর্শন শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত