বাহারছড়া সমুদ্র সৈকত সড়ক প্রবেশমুখে অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম

চট্টগ্রা‌মের বাঁশখালী বাহারছড়া সমুদ্র সৈকত সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ৫.০৯ কিলোমিটার দীর্ঘ সালেহা বাপের পুল থে‌কে বশির উল্লাহ মিয়াজী বাজার জিসি সড়কের প্রবেশ মুখে রাস্তার ওপর অবৈধভাবে নির্মিত চারটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান প‌রিচালনা করা হয়। সংশ্লিষ্ট প্রশাসনের তত্ত্বাবধানে অভিযানটি সফলভাবে সম্পন্ন করা হয়। এ অবৈধ স্থাপনার ফ‌লে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল।

জানা যায়, বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত বাঁশখালী বাহারছড়া সমুদ্র সৈকতে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে অবৈধ দোকানঘর নির্মাণের ফলে নিয়মিত যানজট লেগে থাকত। পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিক সড়ক দুর্ঘটনাও ঘটে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে। 

এ প্রেক্ষিতে এলাকাবাসী উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত চালানো হলে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ এবং এর ফলে জনভোগান্তির সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্তদের অবৈধ স্থাপনা অপসারণের জন্য সাত দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়।

নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সোমবার (২০ এপ্রিল) সকালে উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। পু‌লিশ সহ প্রশাসনের তত্ত্বাবধানে অভিযানটি সফলভাবে সম্পন্ন করা হয় এবং অবৈধ চারটি দোকানঘর অপসারণ করা হলে সাধারণ জনগণ কৃতজ্ঞতা জানান উপ‌জেলা প্রশাসন‌কে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত