ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে শিশুর মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু ও ভর্তি সংখ্যা বাড়ছে। সর্বশেষ আরও এক শিশুর মৃত্যু হয়েছে, ফলে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ৪১ শিশু, আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ জন।

সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডা. মোহা. গোলাম মাওলা, যিনি হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আনা ১১ মাস বয়সী এক শিশুকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি মারা যায়। হামের পাশাপাশি নিউমোনিয়া এবং হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫২ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫৫৭ জন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় স্থাপিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা সমন্বিতভাবে আক্রান্ত শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত