ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এবারের তালিকায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও পেশাজীবী নতুন মুখ এনে বড় চমক দিয়েছে দলটি। তবে গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেত্রীর নাম তালিকায় আসায় দলের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
বিএনপি ঘোষিত তালিকায় যারা আছেন, তারা হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন। মনোনয়নপ্রাপ্তরা আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র জমা দেবেন।
নতুনদের জয়জয়কার : ঘোষিত তালিকায় দেখা গেছে, ৩৬ সদস্যের মধ্যে ২৬ জনই নতুন মুখ। দলের নীতিনির্ধারকরা বলছেন, আগামীর নেতৃত্ব তৈরিতে তরুণদের প্রাধান্য দিতেই এ সিদ্ধান্ত। তবে রাজপথের পরীক্ষিত ১০ জন সাবেক সংসদ সদস্যকে পুনরায় মূল্যায়ন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান (স্থায়ী কমিটির সদস্য), শিরীন সুলতানা, রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ, নেওয়াজ হালিমা আরলী ও শাম্মী আক্তার।
রাজনৈতিক পরিবারের যারা : তালিকায় ঠাঁই পেয়েছেন রাজনৈতিক পরিবারের বেশ কয়েকজন। তারা হলেন নিপুণ রায় চৌধুরী : সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা ও গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। শিরিন সুলতানা : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের স্ত্রী। বিথীকা বিনতে হোসাইন : প্রয়াত জনপ্রিয় নেতা শফিউল বারী বাবুর স্ত্রী।
চমক হিসেবে এসেছেন মোবাইল অপারেটর বাংলালিংকের সিইও জহরত আদিব চৌধুরী। তিনি মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর কন্যা। এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মানসুরা আক্তার এবারের সংসদের সর্বকনিষ্ঠ এমপি হতে যাচ্ছেন।
সরাসরি ভোটে পরাজিত হলেও সংসদে যাচ্ছেন যারা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে না পারলেও সংরক্ষিত আসনে দলের মনোনয়ন পেয়ে সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনজন। দলের প্রতি ত্যাগের স্বীকৃতি হিসেবে তাদের সংরক্ষিত আসনে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে। তারা হলেন সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪), সাবিরা সুলতানা (যশোর-২) ও সানসিলা জেবরিন (শেরপুর-১) ।
সুবর্ণা সিকদার (ঠাকুর)-কে নিয়ে তোলপাড় : বিএনপির ঘোষিত তালিকায় সবচেয়ে বড় বিস্ময় হিসেবে দেখা দিয়েছে সুবর্ণা সিকদার ঠাকুরের নাম। অভিযোগ উঠেছে, তিনি বর্তমানে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী কীভাবে বিএনপির মতো একটি প্রধান দলের হয়ে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন, তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ জানান, তাদের মূল লক্ষ্য হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘আধুনিক বাংলাদেশ’ গড়ার রূপরেখা বাস্তবায়নে সংসদে জোরালো ভূমিকা রাখা।
দলের মনোনয়ন পাওয়া হেলেন জেরিন খান দেশ রূপান্তরকে বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমান নবীনদের প্রাধান্য দিয়েছেন। সঙ্গে আমার মতো সাবেক এমপিদের মনোনয়ন দিয়েছেন। সব মিলিয়ে বলা যায় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নবীন-প্রবীণদের নিয়ে সমন্বয় করেছেন।’
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
এর আগে প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে ১৭ ও ১৮ এপ্রিল দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড, যার নেতৃত্বে ছিলেন তারেক রহমান। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়, যেখানে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী প্রার্থীরা অংশ নেন।
মোট ৫০টি সংরক্ষতি আসনরে মধ্যে বএিনপি ৩৬ট,ি জামায়াতে ইসলামী ১২ট,ি এনসপিি ১টি ও স্বতন্ত্র থকেে ১টি আসন পাবার কথা রয়ছে।
