ঢামেক থেকে ভুয়া শিক্ষার্থী আটক

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে মেডিকেল শিক্ষার্থীরা। আটক ওই তরুণীর নাম মনিকা আক্তার মিতু (৩২) বলে দাবি করেছে। তার সাথে এপ্রোন ও স্টেথোস্কোপ-সহ ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে। আটকের পর তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী কমনরুম থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। এরপর তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

আটক ভুয়া শিক্ষার্থী জানান, তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। বাবার নাম মৃত মমিন আলী। বর্তমানে লালবাগ পোস্তা হোসেন উদ্দিন খান প্রথম লেনে স্বামী রফিকুল ইসলাম খোকনের সাথে থাকেন। এসএসসি পাশ করার পর তিনি আর পড়াশুনা করেননি। তবে ইচ্ছে ছিল চিকিৎসক হবার। তাই এক মাস যাবৎ মেডিকেল কলেজে যাতায়াত শুরু করেন। তবে কখনও ক্লাশ রুমে ঢোকার সুযোগ পাননি।

তিনি আরও জানান, তার আসল নাম মনিকা আক্তার মিতু। তবে সবাই নুপুর ইসলাম জান্নাত বলে ডাকে। নীলক্ষেত থেকে আইডি কার্ড বানিয়ে নাম দিয়েছে নুপুর ইসলাম জান্নাত। মুলত তিনি একজন টিকটকার। নিয়মিত টিকটক ভিডিও বানান।

ঢাকা মেডিকেল কলেজ সুত্রে জানা যায়, গত এক মাস ধরে তিনি কলেজের ছাত্রী কমন রুমে আসছিলেন। তবে কয়েক দিন ধরে কয়েকজন ছাত্রীর নজরে আসে সে। আজকে তাকে জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর দিতে পারেনি। পরে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, ঢাকা মেডিকেল কলেজ কতৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে এসে ওই ভুয়া শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তার কাছ থেকে একটি এ্যাপ্রোন, একটি স্টেথোস্কোপ ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আইডিকার্ড পাওয়া গেছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত