লেদার ইন্সটিটিউটে গেস্টরুমের ঘটনায় তদন্ত কমিটি গঠনের দাবি 

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের (আইলেট) কুদরত-ই-খুদা হোস্টেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কর্তৃক নবীন শিক্ষার্থীদের ‘ব্যাচ মিটিং’ এর নামে গেস্টরুম নেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের ওপর র‍্যাগিং ও মানসিক হয়রানির অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 

মঙ্গলবার (২১ এপ্রিল) চিঠিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফ স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়। 

ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, আইএলইটির ৪০তম ব্যাচের কিছু শিক্ষার্থী নিয়মিতভাবে নবীনদের রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত ‘ব্যাচ মিটিং’-এ বসতে বাধ্য করছে। ‘শিষ্টাচার শিক্ষা’র কথা বলা হলেও বাস্তবে সেখানে মানসিক চাপ প্রয়োগসহ নানা ধরনের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নবীন শিক্ষার্থীদের সিনিয়রদের নির্ধারিত নিয়মে সালাম দেওয়া, করমর্দন ও আনুষ্ঠানিক আচরণে বাধ্য করা হচ্ছে। এমনকি সিনিয়রদের কক্ষে প্রবেশের ক্ষেত্রেও কঠোর ও অযৌক্তিক আচরণবিধি চাপিয়ে দেওয়া হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে নারী সহপাঠীদের নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার ঘটনাও ঘটেছে, যা একটি নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশের পরিপন্থী এবং যৌন হয়রানির শামিল।

এ প্রেক্ষিতে ডাকসু চার দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো: ঘটনার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তে একটি কমিটি গঠন, ভুক্তভোগী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের বক্তব্য গ্রহণ, অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে র‍্যাগিং ও মানসিক হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

ডাকসু নেতারা বলেন, নির্দেশনা অমান্য করলে সামনে তাদের সঙ্গে আরও কঠোর আচরণ করা হতে পারে। এতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তাই এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে কার্যকর নীতিমালা প্রণয়ণের দাবি জানাচ্ছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত